মোবাইল রিচার্জ-কে ঔষধ সেবা হিসেবে অন্তর্ভূক্ত এবং রিচার্জ লোনে ভ্যাট প্রত্যাহারের দাবি
করোনা সংক্রমণ পরিস্থিতিতে মোবাইল ব্যাংকিং ও রিচার্জ এজেন্ট এর দোকান ঔষধের দোকানের মতো খোলা রাখার দাবি জানিয়েছে মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন। একইসঙ্গে রিচার্জ লোন লোড এর ক্ষেত্রে ভ্যাট প্রত্যাহার করা এবং ২০ হাজার টাকা পর্যন্ত মোবাইল ব্যাংকের লেনদেন চার্জ ফ্রি করার দাবিও জানিয়েছে সংগঠনটি।
শনিবার এই দাবি জানিয়েছেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, হোমকোয়ারেন্টাইনে থাকার ফলে ভয়েজ কল, ডাটার ব্যবহার বৃদ্ধি পাবে। ফলে মোবাইল ফোন রিচার্জ-কে মৌলিক অধিকার হিসেবে অগ্রাধিকার দেয়া হোক।
ইতিমধ্যে উন্নত দেশে হোম কোয়ারাইন্টেন ও লকডাউনে থাকা নাগরিকদের বিনামূল্যে খাদ্য সরবরাহ করছে উল্লেখ করে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে দেশেও ই-রেশনিং পদ্ধতি চালুর দাবী জানান তিনি।
তিনি বলেন, ই-কমার্সে যেভাবে অ্যাপস এর মাধ্যমে অর্ডার ও পেমেন্ট দেয়া যায় ঠিক একই ভাবে ই-রেশনিং নামে একটি অ্যাপস খুলে তার মাধ্যমে নাগরিকদের ঘরে বসে তার চাহিদা অনুযায়ী সাশ্রয়ী মূল্যে বা সরকার ভর্তূকি প্রদান করে পণ্যের মূল্য সীমিত আকারে এনে সরকারী লোকজন বা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে পণ্য সরবরাহ কার্যক্রম পরিচালনা করতে পারে।